গুগল ছাড়লেন স্ট্যাডিয়ার পণ্য প্রধান জন জাস্টিস
চলতি বছর গুগল স্ট্যাডিয়ার খারাপ যাচ্ছে এমনটি বলা যাবে না। প্লাটফর্মটিতে নতুন ১০০টি গেম যুক্ত করার মাধ্যমে ৪০০টি গেম যুক্ত করার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে গুগল। এর মধ্যে ফিফা ২১, আউটরাইডার্স এবং রেসিডেন্ট ইভিল ভিলেজের মতো ভালোমানের গেমও রয়েছে।
যদিও, গুগলের এই ক্লাউড গেমিং সেবাটি প্রতিশ্রুতির তুলনায় কতোটা অর্জন করতে পেরেছে সেটি নিয়ে প্রশ্ন থেকে যায়। সর্বশেষ স্ট্যাডিয়ার ব্যবস্থাপনা বিভাগ থেকে শীর্ষ কর্মকর্তার চলে যাওয়া সেবাটির ভবিষ্যৎ নিয়েও অনেকের মনে সংশয় তৈরি করতে পারে।
এনগ্যাজেট জানিয়েছে, স্ট্যাডিয়ার ভাইস প্রেসিডেন্ট এবং পণ্য বিভাগের প্রধান জন জাস্টিস গুগলের চাকরি থেকে অব্যহতি নিয়েছেন। তিনি মূলত স্ট্যাডিয়ার গ্রাহক অভিজ্ঞতার দায়িত্ব পালন করতেন। এর আগে নতুন ফিচার উন্মোচন নিয়ে তার টিমের উচ্চাকাঙ্খা নিয়েও তিনি কথা বলেছিলেন।
২০১৯ সালে বিভিন্ন সোশ্যাল ফিচার যেমন স্টেট শেয়ার, ক্রাউড প্লের মতো প্রত্যাশিত ফিচার ছাড়াই গুগলের স্ট্রিমিং সেবাটি চালু হয়। সম্প্রতি হটাৎ করেই ওয়েবের জন্য বহুল প্রত্যাশিত সার্চ বার চালু করে স্ট্যাডিয়া। গত ফেব্রুয়ারিতে থার্ড পার্টি গেমিংয়ে মনোযোগ দিতে অভ্যন্তরীণ স্টুডিও বন্ধের ঘোষণা অনেককেই হতাশ করে। ঐ ঘোষণার পরপরই গুগলকে জার্নি টু দ্য স্যাভেজ প্লানেটের একটি জটিল ত্রুটি সমাধানে বাধ্য হয় গুগল।
গুগলের ইতিহাসে বিভিন্ন সেবা বন্ধের নজির রয়েছে। জাস্টিসের চলে যাওয়া তাই অনেক প্রশ্নের জন্ম দিতে পারে। যদিও এখনও স্ট্যাডিয়া গেমস পরিচালক জ্যাক বিউসার, ভাইস প্রেসিডেন্ট ও মহাব্যবস্থাপক ফিল হ্যারিসনের মতো নির্বাহীরা রয়েছেন। তাই এখনই জোরালোভাবে কোনো কিছু বলা সম্ভব না বলে মনে করছেন বিশ্লেষকরা।
ডিবিটেক/বিএমটি